খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক, ১৪৩৩

বরিশালে প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের ক্লাস শুরু, শিক্ষার্থী ৪৭

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বরিশালে প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের ক্লাস শুরু, শিক্ষার্থী ৪৭

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:


বরিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। রোববার (১১ অক্টোবর) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৪৭ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির প্রথম ক্লাস শুরু হয়। আর্কিটেকচার টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি—এই দুটি বিভাগ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

ইনস্টিটিউটটিতে অধ্যক্ষ, ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর ও ক্রাফট ইন্সট্রাক্টরসহ ১১ জন শিক্ষক-কর্মচারী দায়িত্ব পালন করছেন। অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এস এম সামচুন নাহার।

নগরীর আলেকান্দায় ঐতিহাসিক পরেশ সাগর মাঠের প্রবেশদ্বারের উত্তর পাশে প্রতিষ্ঠানটি নির্মাণের কাজ শুরু হয় ২০২০-২১ অর্থবছরে। এখানে রয়েছে ছয়তলাবিশিষ্ট একটি প্রশাসনিক ভবন, উত্তর পাশে ছয়তলাবিশিষ্ট একটি একাডেমিক ভবন এবং দক্ষিণ পাশে ছয়তলাবিশিষ্ট আরেকটি একাডেমিক ওয়ার্কশপ ভবন।

এ ছাড়া চারতলাবিশিষ্ট ২০০ আসনের ছাত্রীনিবাস, পাঁচতলাবিশিষ্ট ২০ ইউনিটের শিক্ষক ডরমেটরি, তিনতলাবিশিষ্ট ছয় ইউনিটের স্টাফ কোয়ার্টার এবং একতলাবিশিষ্ট অধ্যক্ষের বাসভবন নির্মাণ করা হয়েছে। ভবনগুলোতে লিফটের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি থাকছে নিজস্ব বিদ্যুতের সাব-স্টেশন ও অভ্যন্তরীণ সড়কব্যবস্থা।

একাডেমিক ওয়ার্কশপ, বিদ্যুতের সাব-স্টেশন ও শহীদ মিনার নির্মাণের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ এস এম সামচুন নাহার। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, সরঞ্জাম ও আসবাবপত্র ইতোমধ্যে প্রতিষ্ঠানে পৌঁছেছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে নির্মিত প্রতিষ্ঠানটি দক্ষিণাঞ্চলের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ৩ একর ১৮ শতাংশ জমিতে প্রতিষ্ঠিত এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, প্রকল্পের আওতায় ছয়টি বহুতল ভবন, একটি একতলা ভবন, শহীদ মিনার, বিদ্যুতের সাব-স্টেশন, অভ্যন্তরীণ সড়ক, ড্রেন, দুটি আধুনিক প্রবেশগেট এবং সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। শহীদ মিনার, একাডেমিক ওয়ার্কশপ ও বিদ্যুতের সাব-স্টেশন নির্মাণের অসমাপ্ত কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যেও নতুন যাত্রা নিয়ে রয়েছে উচ্ছ্বাস। আর্কিটেকচার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী বুশরা আক্তার বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। রোববার প্রথম ক্লাস শেষে তিনি বলেন, “বরিশালের প্রথম মহিলা পলিটেকনিকের প্রথম ব্যাচের শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত। মনোরম পরিবেশ ও শিক্ষকমণ্ডলীর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার জীবনের নতুন অধ্যায় সূচিত হলো।”

কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী পটুয়াখালীর বাউফল উপজেলার ফাতেমা বিনতে মরিয়ম বলেন, “এ ইনস্টিটিউটে প্রবেশে আমার মনে অন্য রকম এক আনন্দ-উচ্ছ্বাস অনুভব হচ্ছে। নতুন প্রতিষ্ঠানে, নতুন ক্লাসে, প্রথম শিক্ষার্থী হিসেবে শিক্ষকদের আন্তরিকতা আমাকে উজ্জীবিত করেছে।”

অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বে থাকা এস এম সামচুন নাহার বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার এবং প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে চায়। এ প্রতিষ্ঠানে প্রথম বর্ষে দুটি বিভাগ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বিভাগ চালু করা হবে।

তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণ করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। একই সঙ্গে তাঁরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী হতে সহায়তা করতে পারবেন।

তুলি আক্তার/অনলাইন ডেস্ক / যোগফল.কম 

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

ছবি যোগফল প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকা থেকে কথিত ‘ডন বাবু’ ওরফে ‘গ্রেনেড বাবু’ এবং ‘নবাব’ নামে পরিচিত মোল্লা ইয়ামিন, তাঁর মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর এবং দ্বিতীয় দফায় ২৫ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর কাছে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাঁরা পৃথক দুটি মামলা করেন। মামলাগুলো পাইকগাছা থানায় ২৭ ও ২৮ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে, তারিখ ২৭/১০ বলে জানা গেছে।

মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সার্বিক দিকনির্দেশনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান পরিচালনা করে বহুল আলোচিত ফোনে চাঁদাবাজির ঘটনার ৩ আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। তার নামে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে। 

এদিকে, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে সর্বহারা পার্টির পরিচয় দিয়ে আসলাম শিকদার নামে এক ব্যক্তি চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকেও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমিন উদ্দিন ও শিহাব মোল্লা

সাইফুল ইসলাম  ।। গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে চাঞ্চল্যকর শিশু তালহা হত্যা মামলায় আমিন উদ্দিন ও শিহাব মোল্লা নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাওন মোল্লা পলাতক রয়েছে। 

মামলার অপর আসামি লেয়াকত আলী মোল্লাকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মানজুরুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে তালহা ওরফে মুহিন মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে ২৪ ফেব্রুয়ারি রাতে মানজুরুল ইসলামের ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘরে থাকা একটি ট্রাংক থেকে মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা মানজুরুল ইসলাম ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। তবে রায়ে নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
মামলার বাদী ও ভিকটিমের পিতা মনজুরুল ইসলাম রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড.এম জুলকদর রহমান।

নিবন্ধনের দাবিতে তারেক রহমানের অনশন ১৩১ ঘণ্টা, শারীরিক অবস্থা সংকটাপন্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিবন্ধনের দাবিতে তারেক রহমানের অনশন ১৩১ ঘণ্টা, শারীরিক অবস্থা সংকটাপন্ন

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। অনশনের ১৩১ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে দাবি করেছে দলটি।

রোববার (৯ নভেম্বর) বিকেলে আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান। তিনি বর্তমানে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন বলে দাবি করে তাঁর জীবন রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

দলটির নিবন্ধনসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করার পাশাপাশি অনশনরত তারেক রহমানের জীবন রক্ষায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

গত ৪ নভেম্বর বিকেল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন করছেন তারেক রহমান। তাঁর কর্মসূচির প্রতি বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তারেক রহমানকে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একজন সংগ্রামী ও সাহসী তরুণ নেতা হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থান, ২০১৮ সালের কোটা আন্দোলনসহ রাষ্ট্রের বিভিন্ন সংকটময় মুহূর্তে তিনি আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অনশনের ১৩১ ঘণ্টা পার হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে দলটি মনে করছে। নিবন্ধনের দাবির বিষয়ে কমিশনের নীরবতা ও উদাসীনতা জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করছে বলেও দাবি করা হয়।

তারেক রহমানের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম